সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়েছেন ফারজানা ইয়াছমিন (২৫) নামে এক দুই সন্তানের মা।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার ৪নং ওয়ার্ডের কানুমার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফারজানা ইয়াছমিন উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যবসায়ী মোহাম্মদ রিদুয়ানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।
জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে স্বামীর বাড়ির ছাদের বীমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করেন ফারজানা ইয়াছমিন। স্বজনদের দাবি, প্রায় দুই মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে খবর পেয়ে ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের ঘটনাস্থলে যান। তিনি বিষয়টি জানালে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম
