চকরিয়ায় অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে বন্দুক ঠেকিয়ে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে লুটপাট

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আইনজীবী হাবিব উদ্দিন মিন্টুর অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে বন্দুক ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২ জুন) রাত চারটার দিকে পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্র জানায়, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। ডাকাতির দিন তিনি পৌরসভার বাটাখালীতে তাঁর নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলেন। তাঁর দুই সন্তানও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তাঁর সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ নগদ টাকা এবং ৩টি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, আমি চকরিয়া পৌরসভার বাটাখালীর নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলাম। আমার দুই ছেলেও বাড়ির বাইরে ছিল। বাড়িতে পুরুষ না থাকার সুবাদে ডাকাত দল আমার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm