মা মাছের ডিম থেকে রেণু উৎপাদন দেখলেন প্রতিমন্ত্রী টুকু

রাউজানে গহিরা মোবারকখীল হ্যাচারি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

বুধবার (৬ মে) তিনি হ্যাচারির বিভিন্ন অবকাঠামো, মাছের পোনা উৎপাদন কার্যক্রম ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা হ্যাচারির বর্তমান কার্যক্রম, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রতিমন্ত্রী সেগুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী স্থানীয় ডিম সংগ্রহকারীদের কাছ থেকে হালদার ডিম ও রেণু উৎপাদনের খোঁজখবর নেন এবং এ বছর রেণুর বাজারদর সম্পর্কেও জানতে চান।

ডিম সংগ্রহণকারীরা জানান, হালদা নদীর এক কেজি রেণু বর্তমানে এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm