ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর যোদ্ধা ও প্রথম নারী শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৫তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম এসে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. অম্বরিশ সাক্সেনা।
মঙ্গলবার (৫ মে) বিকেলে নগরের পাহাড়তলীতে অবস্থিত প্রীতিলতা মনুমেন্টে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় তিনি ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাবও পরিদর্শন করেন, যেখানে প্রীতিলতা নেতৃত্ব দিয়েছিলেন ঐতিহাসিক আক্রমণে।
ড. সাক্সেনা ভারতের নয়াদিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক এবং গণজ্ঞাপন, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিষয়ে সিনিয়র গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে ইউনেসকো এমজিআইইপি এবং সাউথ এশিয়ান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে এখন চট্টগ্রামে অবস্থান করছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ড. সাক্সেনা বলেন, আমি প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছি। পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতার আত্মাহুতি একসময় পুরো ভারতকে জাগিয়ে তুলেছিল। এই ইতিহাসকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে, যা নতুন প্রজন্মকে ইতিহাস-সচেতন ও দেশপ্রেমিক করে তুলবে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী এবং বিভাগের শিক্ষার্থী ও গবেষণা সহকারী মো. ইরফান।
দিনব্যাপী সফরে ড. সাক্সেনা নগরের টাইগারপাস, জেএমসেন হল, খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালখান এলাকার ব্রিটিশবিরোধী ঐতিহ্যবাহী স্থানগুলোও পরিদর্শন করেন। এ সময় তিনি ঐতিহাসিক এসব স্থাপনা যথাযথ সংরক্ষণ, মনুমেন্ট ও ভাস্কর্যের রক্ষণাবেক্ষণ এবং ইতিহাসভিত্তিক গবেষণা, ডকুমেন্টারি ও ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার ওপর জোর দেন।
আলোকিত চট্টগ্রাম

