লোহাগাড়ায় লাখ টাকা জরিমানার পর সিলগালা করে দেওয়া ক্লাসিক্যাল সুইটস অনুমতি ছাড়াই আবার তৈরি করছে মিষ্টি! খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অনুমতি ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় এবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার স্কুল রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এর আগেও ক্লাসিক্যাল সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পাশাপাশি কারখানায় তৈরি করা সব মিষ্টিজাত পণ্য নষ্ট করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এবং পরিবেশের কোনো উন্নতি না ঘটিয়ে পুনরায় উৎপাদন শুরু করায় আজ ফের সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার স্বত্বাধিকারী আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন আলোকিত চট্টগ্রামকে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো আপস করব না। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় ক্লাসিক্যাল সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিপূর্বেও তাদের সতর্ক করে সিলগালা করা হয়েছিল। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/আলোকিত চট্টগ্রাম


