কক্সবাজারের রামুতে ডাকাতির আগেই ৭ ডাকাতকে ধরেছে থানা পুলিশ। উদ্ধার করেছে অস্ত্র, গোলাবারুদসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদের নেতৃত্বে অভিযানে আমির হোসেন প্রকাশ কালাবাশির বসতঘরের সামনের কক্ষ থেকে ৭ ডাকাতকে আটক করা হয়। তারা হলেন— আমির হোসেন প্রকাশ (কালাবাশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর।
অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একাধিক কিরিচ, লোহার রড, পাইপ, কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্রপাতি, ৯টি চকলেট বোমা, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির নকশা ও বিভিন্ন কারিগরি সরঞ্জামও জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন— বলছে পুলিশ।
বিডি/আলোকিত চট্টগ্রাম


