রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় হালিম নিহত, রক্তাক্ত ২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত আরসা সন্ত্রাসীদের গুলিতে এআরও গ্রুপের নেতা আব্দুল হালিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় উখিয়া নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ৯টায় উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিলেন। তারা ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট ও ক্যাম্প-৭ এর মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে এআরও গ্রুপের নেতা কেফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যাম্প-৭ এর ব্লক এফ/২ এর বাসিন্দা। তার বাবার নাম বাদশা মিয়া, মা নুর বাহার। এ ঘটনায় মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদেরও প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত অজ্ঞাত আরসা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ক্যাম্প এলাকায় পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm