বরিশালের ভোলার চাঞ্চল্যকর আব্দুর রহিম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. জাকির হোসেন প্রকাশ বাঘা (৩৬) কক্সবাজারের চকরিয়ায় ধরা পড়েছে।
সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫ এর একটি দল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বাঘা সেখানে লাল মিয়ার দোকানের পাশের একটি বাড়িতে আত্মগোপনে ছিল। মঙ্গলবার (৫ মে) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এসব তথ্য জানান।
র্যাব জানায়, মো. জাকির হোসেন প্রকাশ বাঘার বাড়ি ভোলা জেলার রসুলপুর এলাকায়। ভোলা জেলার শশীভূষণ থানা এলাকার বহুল আলোচিত আব্দুর রহিম হত্যাকাণ্ডের পর থেকেই বাঘা আত্মগোপনে ছিল। পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে শেষ পর্যন্ত কক্সবাজারের দুর্গম এলাকায় অবস্থান নেয় সে। গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুকের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বাঘা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, র্যাবের একটি দল হত্যাকাণ্ডের ঘটনায় মো. জাকির হোসেন বাঘা নামের এক আসামিকে থানায় হস্তান্তর করেছে। ভোলার থানা পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


