রাতের আঁধারে বাঙ্গির সঙ্গে শত্রুতা!

চকরিয়ায় রাতের আঁধারে কৃষকের বাঙ্গিখেতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় কৃষক নুর মো. বাদশা মিয়ার গড়ে তোলা প্রায় ১ একর জমির বিপুল পরিমাণ বাঙ্গি কেটে তছনছ করে দেয় দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৪ মে) রাতের কোনো এক সময় উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এ তাণ্ডব চালনো হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা বলেন, সাড়ে তিন মাস আগে এক একর জমিতে বাঙ্গি চাষ করি। এতে আমার লক্ষাধিক টাকা খরচ হয়। এখন খেতের বাঙ্গিগুলো বিক্রির উপযোগী হয়েছে। এরইমধ্যে সোমবার রাতে কে বা কারা খেতের বাঙ্গিগুলো কেটে তছনছ করে দিয়েছে।

এদিকে ঘটনাটি মঙ্গলবার (৫ মে) সকালে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী ক্ষতিগ্রস্ত বাঙ্গিখেত পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, একজন কৃষকের সারা বছরের জীবিকা এক মুহূর্তে এভাবে ধ্বংস করে দেওয়ার ঘটনাটি খুবই অমানবিক। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িত অপরাধীদের তদন্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।

যোগাযোগ করা হলে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগ পাওয়ার পর বাঙ্গিখেত পরিদর্শন করেছি। ভুক্তভোগীকে বলেছি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এমকেডি/ আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm