সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সাঁতার কাটতে গিয়ে মো. মেহরাজ (৩২) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন সাব্বির (৩০) নামের আরো এক যুবক।
শুক্রবার (১ মে) সন্ধ্যা ছয়টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মেহরাজ চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার গাজী ডিপো বাই-লেইনের মোশারফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সাদেক বলেন, বিকেলে দিকে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে আসেন দুই বন্ধু মো. মেহরাজ ও মো. সাব্বির। একপর্যায়ে তারা দুজন ফেরি ঘাটের শেষ সীমানায় সাঁতার কাটতে যান। সাঁতার কাটতে কাটতে একসময় মেহরাজ সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। এ সময় সাব্বির আপ্রাণ চেষ্টা করে বন্ধুকে বাঁচাতে। একপর্যায়ে স্থানীয়দের চেষ্টায় বোট দিয়ে দুজনকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারের পরে সাব্বিরের জ্ঞান ফিরলেও মেহরাজের জ্ঞান ফিরেনি। পরে স্থানীয়রা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করে।
সাদেক বলেন, যে স্থানে তারা সাঁতার কাটতে গিয়েছিল সেখান থেকে ফেরিঘাট নির্মাণের জন্য ড্রেজিং করে বালু উত্তোলন করা হয়। এ কারণে সেই স্থানটি গভীর ছিল। গভীরতার কারণেই এই মৃত্যু।
তিনি দুঃখপ্রকাশ করে আরো বলেন, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত এলাকায় প্রতিদিন শত শত পর্যটক বেড়াতে আসেন। কিন্তু ড্রেজিং করার স্থানগুলোতে বিপৎসংকেত দেওয়া থাকলে এই দুর্ঘটনা ঘটত না।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মেহরাজ নামের এক পর্যটককে সন্ধ্যার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু সে তার আগেই মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএমই/আলোকিত চট্টগ্রাম


