দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করতে ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ সংগঠক মো. ইসমাইল হোসেনকে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ক্লাবের ফুটবল অঙ্গনে নতুন পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক কার্যক্রম জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি এস এম রেজা রিপন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম আলভি ও হাবিবুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন এবং ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মো. ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তাঁর নেতৃত্বে পটিয়ার ফুটবল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।
সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আমরা চাই পটিয়া থেকে নতুন প্রজন্মের ফুটবলার তৈরি হোক। সেই লক্ষ্যেই একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করা হয়েছে।
এদিকে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে মো. ইসমাইল হোসেন বলেন, পটিয়ার ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা কাজ করবো। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী দল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
কেএ/আলোকিত চট্টগ্রাম


