টিকিট থাকার পরও তাঁদের বসতে দেওয়া হলো না ট্রেনের সিটে। এমনকি মারধরেরও শিকার হলেন তাঁরা। আর এটি করেছে বিনা টিকিটে ট্রেনে থাকা লোকজন!
টিকিটধারী যাত্রীদের ওপর বিনা টিকিটের যাত্রীদের এই মারধরের ঘটনা ঢাকা থেকে চট্টগ্রাম আসা চট্টলা এক্সপ্রেসে। সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় ঘটে এই ঘটনা। চট্টলা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ওপর হামলার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। লোকাল ট্রেন হওয়ায় এটি বিভিন্ন স্টেশনে থামে এবং যাত্রী ওঠা-নামা করে। চট্টগ্রাম আসার পথে ট্রেনটি মেথিকান্দা স্টেশনেও থেমেছিল। ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে গিয়ে টিকিটধারীরা সিটে বসতে গেলেই ঘটনার সূত্রপাত। কারণ সেখানে আগে থেকেই বসে ছিলেন বিনা টিকিটের একদল লোক। টিকিটধারীদের জন্য তারা আসন ছাড়তে রাজি নয়। টিকিটধারীরা এর প্রতিবাদ করলেই শুরু হয় মারধর।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, টিকিট না থাকা সত্ত্বেও একদল লোক এসি বগিতে উঠে পড়েছিল। টিকিটধারীরা নিজেদের আসনে বসতে গেলে তারা বাধা দেয়। এতে হাতাহাতি হয়। রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ের কর্মীরা গেলে টিকিট না থাকা লোকগুলো মেথিকান্দা স্টেশনে নেমে পড়ে।
এদিকে রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেসে প্রায় সময় বিনা টিকিটের যাত্রীরা ট্রেনে ওঠে সিট দখল করে নেয়। টিকিটধারী যাত্রীরা আসন ছাড়তে বললেই শুরু হয় হামলা।
আলোকিত চট্টগ্রাম


