সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় এ মানববন্ধন করে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।

বক্তারা বলেন, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম গং-এর বিরুদ্ধে ব্যাংক লুট, ঋণখেলাপিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং উল্টো সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় শাহাবুদ্দিন আলম, তাঁর মা লায়লা বেগম, স্ত্রী, দুই ছেলে সাজ্জাদ আরেফিন আলম ও শাহারিয়ার আরেফিন আলমের বিরুদ্ধে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সেই তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের অনলাইন টিভি সি ভিশনের সাংবাদিক আরিয়ান লেনিনের নাম জড়িয়ে শতকোটি টাকার মামলা দায়ের করা হয়। মামলা করার পর ভেজাল ও নিম্নমানের গুড়ো দুধ গোয়ালিনী ফুল ক্রিম মিল্কের পেইজে আরিয়ান লেনিনের ছবি যুক্ত করে নানা অপপ্রচার করতে থাকে এস এ গ্রুপ। অথচ ইতিমধ্যে গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক বাজার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন জরুরি।

বক্তারা অবিলম্বে অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে বক্তারা এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, সি ভিশন সম্পাদক এস এম আকাশ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি সোহাগ আরেফিন, দৈনিক এখনই সময়ের ব্যুরোপ্রধান কামরুজ্জামান রনি, সাংবাদিক আবু হেনা খোকন, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, মুহাম্মদ রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, রেজাউল করিম বাবলু, সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, চ্যানেল এস প্রতিনিধি রুমেন চৌধুরী, মো. জামশেদ ইসলাম, সানি দাশ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত ও রাজীব।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm