কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুকুরে ডুবে মারা যাওয়া দুজনের একজন ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮)। অন্যজন সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চকরিয়ার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে বকেয়া মনি। বুধবার দুপুরে বকেয়া মনি, তার মামাতো বোন হুজাইফ জান্নাতসহ আরও কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামেন। এ সময় দুই বোন মনি ও জান্নাত পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পুকুর ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


