মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে গিয়ে চকরিয়ায় লাশ ঢাকার ২ যুবক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিল। ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস একই দিকগামী মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে দুই আরোহী রক্তাক্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার পরপরই বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে লাশ হস্তান্তর করা হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm