বিশ্ববাজারে সোনার দাম শুধু কমছেই। টানা ১০ দিন ধরে বিশ্ববাজারে কমেছে সোনার দাম। শুধু মঙ্গলবার (২৪ মার্চ) সোনার দাম কমেছে ১ শতাংশেরও বেশি। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় কমছে সোনার দাম, বলছেন বিশ্লেষকেরা।
মঙ্গলবার সকালে নিউইয়র্কের বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৫২ ডলার ৪৯ সেন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ কমেছে। ফলে বিশ্ববাজারে এখন সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৪৭ ডলার। সবমিলিয়ে এক মাসে (৩০ দিন) সোনার দাম কমেছে ৮০১ ডলার ৪৭ সেন্ট বা ১৫ দশমিক ৪০ শতাংশ। জানুয়ারিতে সোনার দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে এখন তা প্রায় ২২ শতাংশ কম!
এদিকে বিশ্লেষকেরা বলছেন, ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমিয়ে আনায় স্বল্প মেয়াদে সোনার দামে তীব্র ওঠানামা অব্যাহত থাকতে পারে। ইরানকে ঘিরে চলমান সংঘাতে মূল্যস্ফীতির শঙ্কা বাড়ছে। সেই সঙ্গে নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাবে— এমন প্রত্যাশা কমছে। তবে দীর্ঘ মেয়াদে মূল্য সংরক্ষণের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার গুরুত্ব আবারও বাড়তে পারে।
বিশ্লেষকেরা মনে করেন, এ বছর সোনা ঐতিহাসিক গড়ের তুলনায় অনেক বেশি দামে লেনদেন হচ্ছে। ফলে যুদ্ধের মধ্যে সোনার দাম বাড়ছে না। সেই সঙ্গে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় সোনার দাম এখন কমছে। যেহেতু সোনার লেনদেন ডলারে হয়, সেহেতু ডলার শক্তিশালী হলে সোনার মূল্যবৃদ্ধি কঠিন হয়ে পড়ে। সোনার দাম যে টানা ১০ দিন ধরে কমছে, এটাই তার মূল কারণ।
আলোকিত চট্টগ্রাম


