টেরিবাজারে আগুন—আহত ৩ যুবকের ২ জনের মৃত্যু

চট্টগ্রামজুড়ে যখন ঈদের খুশি ঠিক এর আগেই ঘটল মর্মান্তিক এক ঘটনা। নগরের টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডে ঝরেছে দুই প্রাণ। আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন— পটিয়া উপজেলার মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। আহত যুবকের নাম মোহাম্মদ মামুন (২৮)।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই নন্দনকান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ কে বি অর্কিড প্লাজার চতুর্থ তলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে থাকেন। কিন্তু অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজন কর্মচারী আটকে যান।

সেই আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে গুরুতর আহত হন ইউনূস, সোলাইমান ও মামুন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউনূস ও সোলাইমানকে মৃত ঘোষণা করেন। আহত মামুন লড়ছেন মৃত্যুর সঙ্গে।

চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, টেরিবাজারে অগ্নিকাণ্ডে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন চিকিৎসাধীন আছেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm