যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আয়াতুল্লাহ মোজতবা খামেনির দাবি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আগে নতি স্বীকার করতে হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে জানান বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইরানি ওই কর্মকর্তা বলেন, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতিবিষয়ক বৈঠক আয়োজন করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে ‘অত্যন্ত কঠোর ও অনমনীয়’ অবস্থান নেন।
জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে প্রস্তাবের বিস্তারিত কিংবা মধ্যস্থতাকারী দেশগুলোর নাম জানাননি তিনি।
এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতি স্বীকার করছে, পরাজয় মেনে নিচ্ছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির জন্য এটি সঠিক সময় নয়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তিন সপ্তাহ গড়িয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
আলোকিত চট্টগ্রাম


