রাউজানে মুহাম্মদ আবদুল মজিদ (৫০) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে খুন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
জানা যায়, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আবদুল মজিদ। এ সময় মোটরসাইকেলে মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক এসে গুলি চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।
এদিকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মজিদের চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে জানান, হাসপাতালে আনার আগেই মজিদের মৃত্যু হয়েছে।
অপরদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আলোকিত চট্টগ্রাম


