মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন ভোটাররাও। অবশেষে এমনটিই বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছিল। এটা আমরা সংশোধন করে দিচ্ছি। মুঠোফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থী ও তাঁদের এজেন্টরা যাবেন। তবে গোপন কক্ষে তাঁরা ছবি তুলবেন না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ কথা বলেন তিনি।
আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন যা বোঝাতে চেয়েছিল, সেটা তারা বোঝাতে পারেনি। তাই ভুল–বোঝাবুঝির হয়েছিল। এই পরিপত্র আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে কোনো প্রকার দ্বিধা না থাকে।
এর আগে গতকাল (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। এ ঘোষণা জানাজানির পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত পাল্টানো না হলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ অবস্থায় আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেন। তবে পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিট্যান্ট প্রিজাইডিং অফিসারদের কাছে মুঠোফোন থাকবে না বলে জানিয়েছেন তিনি।
অবশ্য এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে যেতে পারবেন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা।
আলোকিত চট্টগ্রাম


