ধর্ম বেচে রাজনীতি বন্ধ হবে : আমীর খসরু

ব্যালটের মাধ্যমে ধর্ম বেচে রাজনীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না। একটি দল সাধারণ মানুষকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে, এমন প্রলোভন দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে। জনগণ এখন সচেতন। তারা এসব ভণ্ডদের ভণ্ডামি প্রত্যাখ্যান করেছে। ফলে তাদের কথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রিও বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির একটি বিশেষ বটবাহিনী প্রতিনিয়ত অসত্য, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এসব মিথ্যার জবাব দিতে হবে।

আমীর খসরু বলেন, মিথ্যেবাদী ও ভণ্ডদের কবর রচনা করেই শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে—ইনশাআল্লাহ। যেখানেই যাচ্ছি, সেখানেই ধানের শীষের জোয়ার দেখা যাচ্ছে। চারদিকে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পুরুষ, মহিলা এমনকি শিশুরাও ধানের শীষের স্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন ঘরে ফিরব, তখনই আন্দোলনের সমাপ্তি হবে—এর আগে নয়। নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, তবে সেই জয় হতে হবে বিশাল ভোটে। বিশ্বের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে—বাংলাদেশের জনগণ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের রায়েই সত্য প্রতিষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান ও সালাউদ্দিন চৌধুরী সোহেল।

পথসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm