সোনার বাজার অস্থির

দেশে সোনার বাজার এখন অস্থির। সকালে দাম বাড়ছে, তো বিকেলে কমছে।সকাল-বিকেল এভাবে দাম ওঠানামার কারণে স্বস্তিতে নেই দেশের জুয়েলারি ব্যবসায়ীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সোনার দাম কমলেও ২৪ ঘণ্টা না যেতেই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এ অবস্থায় ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকা। গতকাল এই দাম ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দামের এ তথ্য জানানো হয়।
বাজুস বলছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতি সোনার দাম প্রতি ভরিতে এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ব বাজারেও আজ (৭ ফেব্রুয়ারি) বেড়েছে সোনার দাম। জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন যা ছিল ৪ হাজার ৮৫০ ডলার। এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলার।

জানুয়ারির শেষদিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তাই অস্থির হয়ে ওঠে দেশের সোনার বাজার। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা! এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm