আনোয়ারায় র্যাবের অভিযানে ধরা পড়েছে এক নারীসহ দুজন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯৩ লাখ টাকার ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা।
রোববার (১৮ জানুয়ারি) উপজেলার সরকারহাট তৈলারদ্বীপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মহেশখালী উপজেলার মোছা. শমসিদা (৩২) ও উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা মো. তৈয়ব আলী (৪৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করার সময় গাড়িতে থাকা অভিযুক্ত দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৬টি বান্ডেলে বিশেষ কৌশলে রাখা ১৫০টি পলিজার প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতর ছিল প্রায় ৯৩ লাখ টাকা দামের ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, র্যাব আটক দুজনকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
