চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চাচা-ভতিজা লাশ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

রোববার (২৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রি ঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক) ছেলে। আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। সড়ক দুর্ঘটনায় তাদের অটোরিকশাটি (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহাত প্রাণ হারান। চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবিদুল হাসান। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

যোগাযোগ করা হলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm