রাতের আঁধারে হালদায় ভেসে উঠল ২০ কেজির কাতলা

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ মরে ভেসে উঠেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আজিমের ঘাট এলাকা থেকে অর্ধগলিত মাছটি উদ্ধার করা হয়।

জানা যায়, হালদা নদীর পাহারাদার রোশনগির আলম রাতে নিয়মিত টহল দিতে যান। তিনি নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে আসা মাছটি উদ্ধার করেন।

পাহারাদার রওশনগীর আলম জানান, হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত টহলের সময় রাত সাড়ে ১১টার দিকে একটি অর্ধগলিত কাতলা মাছ ভেসে থাকতে দেখি। তৎক্ষণাৎ রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে ফোনে ঘটনাটি জানাই। মৎস্য কর্মকর্তার নির্দেশে মাছটি উদ্ধার করা হয়। তিনি রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এসে মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মাছটি মাটিচাপা দেওয়া হয়।

যোগাযোগ করা হলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির মৃত্যুর সময় বয়স ছিল ১১ থেকে ১২ বছর। মাছটির গায়ে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গসমূহ ভালোভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাছটি একটি পুরুষ মাছ বলে ধারনা করা হচ্ছে। বার্ধক্যের কারণে কাতলা মাছটি মারা যেতে পারে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, বর্তমানে হালদা নদী অরক্ষিত। এই সুযোগে হালদা নদীর বিভিন্ন অংশে জাল ও বড়শি দিয়ে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে। এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে।

হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষার্থে তিনি নিয়মিত প্রশাসনিকভাবে অভিযান পরিচালনার পরামর্শ দেন।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm