আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এবার কেনা হলো চার কোটি ৭৫ লাখ ডলার। ষষ্ঠ দফায় আট বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার দর ১২১.৭০ টাকা থেকে ১২১.৭৫ টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। তাই রিজার্ভ থেকে বিক্রি না করে বাজার থেকে ডলার কেনা হচ্ছে।
এর আগে পাঁচ দফায় ডলার কিনে বাংলাদেশ ব্যাংক। গত ১৩ জুলাই ১২১.৫০ টাকা দরে ১৮টি ব্যাংকের কাছ থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১.৯৫ টাকা দরে ১ কোটি ডলার, ৭ আগস্ট ১২১.৩৫ থেকে ১২১.৫০ টাকা দরে ৪ কোটি ৫০ লাখ ডলার এবং ১০ আগস্ট ১২১.৪৭ থেকে ১২১.৫০ টাকা দরে ১১টি ব্যাংকের কাছ থেকে ৮ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বেড়ে গেলে ডলার কিনে নেওয়া হয়। যাতে বাজারে ডলারের দামে নেতিবাচক প্রভাব না পড়ে। এতে একদিকে ডলারের দাম পতন ঠেকানো যায়, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ে। বর্তমানে দেশের মোট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারেরও বেশি। এ রিজার্ভকে আরও সমৃদ্ধ করবে নতুন চার কোটি ৭৫ লাখ ডলার।
বিশেষজ্ঞরা আরও বলেন, এখন দেশে বিনিয়োগে কিছুটা ভাটা রয়েছে। এ কারণে বাড়তি মূলধনি যন্ত্র আমদানি করতে হচ্ছে না। আমদানি করতে হচ্ছে না বাড়তি কাঁচামালও। কিন্তু আগামী বছর নির্বাচিত সরকার দায়িত্বে এলে শুরু হবে নতুন বিনিয়োগ। তখন মূলধনি যন্ত্র আমদানিতে প্রয়োজন পড়বে বাড়তি ডলার। তখন নতুন বিনিয়োগের জন্য সহায়ক হবে বাংলাদেশ ব্যাংকের এই বাড়তি রিজার্ভ।
আলোকিত চট্টগ্রাম


