ছাত্রলীগের চেয়ে ছাত্রদলের কঠিন পরিণতি হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল। তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিল ছাত্রদলও একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। সারাদেশে চাঁদাবাজি করে ব্যবসায়ী ভাইদের বিরক্ত করে তুলেছে। চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের ভাইদের ওপর দেশি অস্ত্রসহ হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে।
বুধবার (২৩ জুলাই) চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নগরের কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলিখাঁ মসজিদের সামনে এসে শেষ হয়।
তানজীর হোসেন জুয়েল হুঁশিয়ারি উচ্চারণ কেরে বলেন, কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। এভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ-আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে ছাত্রদলকে।
আরও পড়ুন : প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণিল র্যালি
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, জুলাই বিপ্লব শুধুমাত্র ৩৬ দিনের জুলুম-নির্যাতনের কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়নি; বরং বিগত সতের বছরে নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল।
তিনি বলেন, দুঃখের বিষয় ছাত্রদল নামক সংগঠন চাঁদাবাজিকে তাদের সৃজনশীল কাজে পরিণত করেছে। দুদিন আগে চকবাজারে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই— তারা এগুলি কোথায় পেয়েছে? শিগগির সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আরও বলেন, বীর চট্টলায় ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। ছাত্রশিবিরকে টার্গেট করলে তোমাদেরকে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। চাঁদাবাজি রুখতে ছাত্র-জনতা, ব্যবসায়ী, দোকানি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন ও প্রচার সম্পাদক সিরাজী মানিক।
এমএ/আলোকিত চট্টগ্রাম


