১৮ দিনের রিমান্ডে এমপি জাফর, বিএনপির সমাবেশ—আওয়ামী লীগের মিছিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে হত্যাসহ ৭টি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন)  সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তদন্তকারী কর্মকর্তাদের পৃথক আবেদনে শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায় , জাফর আলম চকরিয়া থানার পাঁচটি ও পেকুয়া থানার দুটি মামলার আসামি। এর মধ্যে চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার দুটি মামলায় তাঁর ৪ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন : হিন্দুর জমি দখল—বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, আলোচিত নেতা জাফর গ্রেপ্তার

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গোলাম সরওয়ার বলেন, চকরিয়া থানার চারটি ও পেকুয়া থানার দুটি হত্যা মামলা এবং চকরিয়া থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে জাফর আলমের ২৪ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত শুনানি শেষে এসব মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে চকরিয়া আদালতে জাফর আলমকে রিমান্ড শুনানির জন্য তোলা হয়। আদালতের আশেপাশে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ বিভিন্ন স্তরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, রিমান্ডের জন্য সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালত থেকে চকরিয়া থানায় আনা হয়েছে। রিমান্ড শেষ হলে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

এর আগে জাফর আলমকে আজ সকাল ৯টা ১০ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। মামলার শুনানি শেষে সাড়ে ৯টায় তাঁকে কাঠগড়া থেকে নামিয়ে চকরিয়া থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এদিকে জাফর আলমকে আদালতে আনার খবরে সকাল থেকে থানা রাস্তার মাথা এলাকায় জড়ো হয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা  বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।  সমাবেশে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

অন্যদিকে জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানির প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। আজ সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় তারা ঝটিকা মিছিল বের করে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm