কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর পরিত্যক্ত ডোবায় মিলল সাত বছরের শিশু ওয়াহিদুল ইসলামের মরদেহ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাতটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ওই ডোবা থেকে সকাল ৯টার দিকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশু ওয়াহিদুল পূর্ব বড়ভেওলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
স্থানীয়রা বলছেন, নিখোঁজের পরপরই শিশু ওয়াহিদুলকে খুন করা হয়। এরপর মরদেহ পরিত্যক্ত ডোবায় ফেলে দেওয়া হয়।
জানতে চাইলে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মাসুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, এই ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
শিশুর বাবা ইজিবাইক (টমটম) চালক তৌহিদুল ইসলাম লিটন বলেন, আমার ছেলে মাইজপাড়া নূরানী মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। রোববার বিকেল সাড়ে চারটার দিকে মাদরাসায় পড়া শেষে বাড়ি ফেরার সময় সে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার হদিস মিলছিল না। প্রায় ৪০ ঘণ্টা পর আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন পাশের চার নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে আমার ছেলের মরদেহ ভাসতে দেখে।
তিনি আরও বলেন, সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করেছিলাম। কিন্তু আজ সকালে সন্তানের অর্ধগলিত মরদেহ পাওয়া গেল ডোবায়।
এদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, শিশু ওয়াহিদুলের মরদেহ মঙ্গলবার সকাল সাতটার দিকে ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ভাসতে দেখে প্রথমে বিষয়টি আমাকে জানানো হয়। এরপর খবর পৌঁছানো হয় পুলিশের কাছে। সকাল ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। আশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী এই খুনের রহস্য উদঘাটনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবে।
যোগাযোগ করা হলে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে রয়েছে।
আলোকিত চট্টগ্রাম
