চট্টগ্রামের আলোচিত আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নগরের নিউমার্কেট ও সদরঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জাফর আহমদকে গ্রেপ্তাার করা হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জাফর আহমদ পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ওই এলাকার চেয়ারম্যানও ছিলেন।
সদরঘাট থানার ডিউটি অফিসার জানান, জাফর আহমদের বিরুদ্ধে একটি মামলা ছাড়াও তিনটি জিডি রয়েছে। যার মধ্যে কয়েকটি ব্যবসায়িক প্রতারণার অভিযোগ সংক্রান্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে পটিয়া ও সদরঘাট এলাকায় জাফর আহমদ ও তাঁর ছেলে হালিশহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিযাদ আহসান প্রভাব বিস্তার করে দখল-চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া, ভাটিখাইন এলাকার সংখ্যালঘু মনিন্দ্র লাল গুহর পাঁচ কানি জমি জবরদখলের অভিযোগও রয়েছে জাফর আহমদের বিরুদ্ধে।
জেজে/আলোকিত চট্টগ্রাম
