চাঁদা না পেয়ে ৫ জনকে কিরিচের কোপ, ছাড় পেল না নারীও

রাউজানে  ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মামুন নামে এক প্রবাসী ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে মো. রাশেদ (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিরনী বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজন হলেন- উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আলমের ছেলে মো. মামুন (৩৫), একই এলাকার আবদুল খালেকের ছেলে শাহাজান (৩০), ইদ্রিসের ছেলে রুবেল (২৮), মো. আলমগীরের ছেলে ইউসূফ (২৬) ও এসকান্দরের স্ত্রী ইয়াছমিন (৩০)।

আরও পড়ুন : চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল ২ সমন্বয়ক, গণপিটুনি

এদিকে এ ঘটনায় আজ (১০ এপ্রিল) দুপুরে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী মো. মামুন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় মো. রাশেদ (৩৭) নামে এক যুবক তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে তিনি অপারগতা প্রকাশ করলে রাশেদ ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় ইউসূফ তাঁকে রক্ষা করার জন্য এগিয়ে এলে তাঁকেও বেধরক মারধর করা হয়। এরপর স্থানীয় লোকজন এগিয়ে আসার পর তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ইউসুফকে আহত অবস্থায় অটোরিকশায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কাজলের দোকানের সামনে পুনরায় পথরোধ করে তাঁদের ওপর হামলা করে। এ সময় ইউসুফ ছাড়া বাকি চারজনকে কিরিচ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এবং  অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক ইউনুস বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় রাশেদ, রুবেল, দেলোয়ার, এসকান্দর ও সোহেল আমাদের পথরোধ করে পাঁচজনকে কুপিয়ে আহত করে। এসময় তারা আমার গাড়ি ভাঙচুর করে।

ভুক্তভোগী প্রবাসী মো. মামুন বলেন, আমি গত ২৬ মার্চ প্রবাস থেকে ছুটিতে দেশে আসি। এরপর রাশেদ আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে ছুরিকাঘাতের চেষ্টাকালে ইউসুফ নামে এক প্রতিবেশী রক্ষা করে। পরে ইউসুফকে পিটিয়ে আহত করায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে  কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে।

অভিযুক্ত মো. রাশেদ বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। বরং তারা আমার ওপর হামলা চালিয়ে আহত করেছে। আমি থানায় অভিযোগ করব।

যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায়  অভিযোগ পেয়েছি। কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm