বিএনপির ৩ আহ্বায়ক কমিটি নিয়ে উত্তপ্ত মিরসরাই, বিক্ষোভ অবরোধ হামলা

মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে পৌর সদর, বারইয়ারহাট পৌরসভাসহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে তৈরি হয় যানজট। দুর্ভোগে পড়েন ঈদযাত্রীরা।

এদিকে গতকাল (২৪ মার্চ) বিকেলে কমিটি ঘোষণা হওয়ার পর উপজেলার বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি, যুবদল ছাত্রদলের ৯ নেতা-কর্মী আহত হন। বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার এবং মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে মিরসরাই পৌরসভা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন ৪ জন। আহত রাশেদ, সোহাগ ও শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ ও যুবদল নেতা কামরুলসহ ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আজ দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এয়াছিন মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ছালেহ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দি, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর পকেট কমিটি ঘোষণা করেছেন। এদের বেশিরভাগ লোক এলাকায় থাকেন না। অবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। তবে তেমন যানজট সৃষ্টি হয়নি। মিছিল শেষে তারা মহাসড়ক ছেড়ে দেন।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm