পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল, যেভাবে মিলবে ৩ একর জায়গা

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে। এজন্য সম্ভাব্য একটি স্থানও নির্ধারণ করা হয়েছে। রোববার (১৬ মার্চ ) বেলা ১১টায় সম্ভাব্য সেই স্থানটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে ৫০০ শয্যার হাসপাতালটি নির্মাণ করার চিন্তা-ভাবনা চলছে। তাই এ স্থানটি পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি আজ কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার তিন একর জায়গাটি ঘুরে দেখেন।

এদিকে ৫০০ শয্যার এ হাসপাতালের জন্য চিটাগাং আইডিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এক একর জায়গা দিবে বলে জানা গেছে। স্থানীয়রাও দিবেন ১ একর জায়গা। বাকি ১ একর জায়গা স্থানীয়দের কাছ থেকে কিনে নিয়ে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ডা. আবু নাসের, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু তৈয়ব, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর এবং যুবদল নেতা রবিউল হোসেন বাদশা।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm