চট্টগ্রামের রাউজানে মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছুনু বড়ুয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মা দিপালী বড়ুয়া (৭০), ছোট বোন বর্ণা বড়ুয়া (৪০) ও চালক মন্টু বড়ুয়া (৪২) আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছুনু বড়ুয়া উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গোদারপাড় গ্রামের মৃত বীর মোহন বড়ুয়ার মেয়ে।
আরও পড়ুন : চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে লাশ ২, রক্তাক্ত ১
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মো. হানিফ জানান, নগরের দিক থেকে আসা একটি অটোরিকশা রাতের আঁধারে একটি ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে বিলে পড়ে যায় এবং অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে ঘুরে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা নোয়াপাড়ামুখী বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে পথেরহাট চৌরাস্তার মুখে ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর অটোরিকশা যাত্রীদের নামিয়ে আহতদের পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ছুনু বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বজনরা জানান, ছুনু বড়ুয়ার মা দীপালি বড়ুয়ার চিকিৎসা শেষে চট্টগ্রামের ইবনে সিনা হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতক ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত চট্টগ্রাম


