রাউজানে দিনদুপুরে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা, অবস্থা আশঙ্কাজনক

রাউজানে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে এক ছাত্রদল গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

আরও পড়ুন : রাউজানে রাতের আঁধারে যুবদল নেতাকে গুলি করল সন্ত্রাসীরা

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হযরত চাঁদ শাহর (রা.) বার্ষিক ওরসকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীর মা মোরশেদা বেগম বলেন, আমার ছেলে রোজা রেখে পুকুর সেচের কাজ দেখার কথা বলে ঘর থেকে বের হয়েছিল। এদিন ১১টার পর খবর আসে ছেলেকে গুলি করেছে।

প্রত্যক্ষদর্শী আরাফাত বলেন, আমাকে নিয়ে বাবু ভাই আদ্যপীঠ মন্দিরের সামনের পুকুর সেচ কাজ দেখতে যাই। হঠাৎ তাঁকে কে বা কারা গুলি করে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নিয়ে আসি। ওনার অবস্থা আশঙ্কাজনক।

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পৌরহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাব কন্ট্রাক্টর হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। তিনি কাজ দেখভাল করার সময় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না। খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পুলিশ সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থল থেকে ৫-৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের শনাক্তের কাজ চলছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm