আনোয়ারায় শিক্ষকের বকাবকি ও মারধরের ক্ষোভে কীটনাশক পান করা মাদরাসা শিক্ষার্থী হাফেজ মো. ফোরকানের (১৭) মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফোরকানের মৃত্যু হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়ার মাদরাসা আরবিয়া খাইরিয়াতে বিষপান করে ওই শিক্ষার্থী। সে সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। গত দুবছর ধরে সে মাদ্রাসার শর্টকোর্স বিভাগে পড়াশোনা করে আসছিল।
আরও পড়ুন : আনোয়ারায় আগুনে পোড়ানো হলো ২ লাখ টাকার জাল
আটক মাদরাসা আরবিয়া খাইরিয়ার শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের (৩২) বাড়ি কক্সবাজার জেলায় কুতুবদিয়ায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মাদ্রাসার কৃষি জমিতে কাজ না করায় ফোরকানকে বকাঝকার পর মারধর করে শিক্ষক রফিকুল ইসলাম। এসময় রাগে-ক্ষোভে ফোরকান কীটনাশক খেয়ে ফেলে। পরে শিক্ষকরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে শিক্ষার্থীর পরিবার ফোরকানকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযুক্ত শিক্ষককে আটকের পর আজ আদালতে পাঠানো হয়েছে।
কাঞ্চন/আরবি
