চকরিয়ায় জায়গা অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। অভিযানে অবৈধ ৭০-৮০টি স্থাপনা উচ্ছেদ করে কয়েক কোটি টাকার জায়গা দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বরইতলী একতাবাজার এলাকার সড়কের উভয় পাশে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সওজের এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) আব্দুল লতিফ খান।
আরও পড়ুন : চট্টগ্রাম কলেজ রোড দখলমুক্ত করতে মেয়রকে স্মারকললিপি
এ বিষয়ে চকরিয়া সওজের উপসহকারী প্রকৌশলী কুতুব উদ্দিন বলেন, বরইতলী একতা বাজার এলাকায় সওজের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহ ভেঙে ফেলার জন্য দুদফা নোটিশ দেওয়া হয়। কিন্তু দখলদারদের কেউ তাতে কর্ণপাত করেনি। আজ সকাল থেকে অভিযান চালানো হয়। অভিযানে সওজের কয়েক কোটি টাকার জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানে কক্সবাজার সওজের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন চৌধুরী, উপবিভাগীয় প্রকৌশলী রাহাত আলম, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহায়তা করে র্যাব-১৫, পুলিশ, হাইওয়ে পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যরা।
এমকেডি/আরবি
