চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের দুটি এসকেভেটর হঠাৎ রাতের আঁধারে উধাও হয়ে গেছে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে সন্দেহজনক একটি এসকেভেটর পুলিশ আটক করলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটিও পরে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, গেল বছরের ১২ মে কর্ণফুলীর ভেল্লাপাড়া এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালুসহ দুটি এসকেভেটর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় এলবি এন্টারপ্রাইজের প্রোপাইটর প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজের প্রোপাইটর নুরুল ইসলাম এবং সরওয়ার করপোরেশনের ম্যানেজার মো. করিমকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মালামাল ইউপি সদস্য মো. আসাদুজ্জামানের জিম্মায় দেওয়া হয়। এরপর গত ১ জানুয়ারি এসকেভেটর দুটি দেখতে যান আসাদুজ্জামান। কিন্তু সেখানে গিয়ে তিনি এসকেভেটর দুটি দেখতে পাননি।
এদিকে এসকেভেটর উধাও হওয়ার ঘটনায় জিম্মাদার শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কায়ছার থানায় মামলা করেছেন।
আরও পড়ুন : চট্টগ্রামে খাল—পাহাড়ে অভিযান
অন্যদিকে গত ২ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জিম্মাদার আসাদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে তিনি উল্লেখ করেন, জিম্মাদার এসকেভেটরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি এবং নিলামে উপস্থিত না থাকায় এস্কেভেটরের নিলাম সম্পন্ন করা সম্ভব হয়নি। এ ঘটনায় তাঁকে তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
স্থানীয়দের প্রশ্ন, এত বড় এসকেভেটর দুটি কীভাবে রাতারাতি চুরি হলো? এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেন তারা।
স্থানীয়রা বলছেন, জব্দ করা মালামালের পর্যাপ্ত সুরক্ষা এবং নিয়মিত পর্যবেক্ষণ না থাকায় চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে জিম্মাদার মো. আসাদুজ্জামান কায়ছার বলেন, এসকেভেটর দুটি কীভাবে চুরি হয়েছে আমি কিছু জানি না। এসিল্যান্ড অফিস থেকে আমাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের উত্তর দিয়েছি। পরে এসিল্যান্ডেে পরামর্শে আমি থানায় চুরির মামলা করি।
তিনি আরও বলেন, আমি গত ১ জানুয়ারি এসকেভেটর দুটি দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে এসব দেখতে পাইনি।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
দৃষ্টি আকর্ষণ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, জিম্মাদার থেকে দুটি এসকেভেটর চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


