বিজয় দিবসে আনোয়ারা সাংবাদিক সমিতির নানা আয়োজন 

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় “উত্তরণের পথে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কালাবিবির দীঘির মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)।

আসাস সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক  মিজানুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরী।

প্রধান অতিথির মিজানুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তবে এই পেশার গুরুত্ব অনুধাবন আমরা করতে ব্যর্থ হচ্ছি।  গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে রাজনীতির নামে গণতন্ত্রকে ধ্বংস করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, সেভাবে সাংবাদিকতাকে ধ্বংস করতে তারা লেজুড়বৃত্তিক সাংবাদিকতা তৈরি করেছে। প্রকৃত কলম সৈনিকদের বুঝতে হবে ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে  সাংবাদিকতা করতে হবে। মানুষের অধিকারের ভূলুণ্ঠিত জায়গায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন : পাঠাগার চালু করল আনোয়ারা সাংবাদিক সমিতি

প্রধান আলোচক প্রফেসর ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরী বলেন, বিজয়ের ৫৩ বছর পরে এসে আজকের দিনে কেমন বাংলাদেশ পেয়েছি তার জন্য আমাদের তরুণদের হতাশ হতে হচ্ছে। কেন হতে হচ্ছে তা ২৪ বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে। আজকে আনোয়ারার শিক্ষার মান দেখলে আমরা হতাশ হচ্ছি। কর্মসংস্থান বিষয়টা দেখলে আমরা হতাশ হচ্ছি। কেন এটা হতে হচ্ছে তার উত্তরণের পথ আমাদের আজ বের করতে হবে। যুব সমাজকে আজকের এ দিনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়ের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক জোবায়ের আলম মানিক, প্রবাসী সাংবাদিক মুনির চৌধুরী, আনোয়ারা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম,  পেশাজীবি নেতা আব্দুস সবুর, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি কমরুদ্দীন, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক ও জামায়াত নেতা সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন আসাস’র সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।

এতে সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শেষে আনোয়ারা উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মীরা সংগীত পরিবেশন করেন।

এর আগে সকাল আটটায় আসস নেতারা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm