বান্দরবানে দীর্ঘ ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
শনিবার (২৩ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদ এ আয়োজন করে। নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় করে হাজারো মানুষ। দীর্ঘদিন পর নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পারায় খুশি ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানায়, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি দল অংশ নেয়। এর মধ্যে ছিল ৭টি নারী দল। প্রতিটি নৌকায় ছিল ৮ জন মাঝি।
আরও পড়ুন :বান্দরবানে নভেম্বরজুড়ে হোটেল-রেস্তোরাঁ-পরিবহনে বিশেষ ছাড়
এদিকে প্রতিযোগিতার আহ্বায়ক নিনিপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
প্রধান অতিথি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। নৌকাবাইচও হারিয়ে যাওয়ার পথে। আজ প্রায় ২৫বছর পর বান্দরবানে নারী-পুরুষ উভয়ের সম্মিলিত আয়োজনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আশা করছি হারিয়ে যাওয়া গ্রামবাংলার এসব খেলা পুনরায় উজ্জীবিত হবে। আমরা চাই এ ধরনের আয়োজন যাতে অব্যাহত থাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ।
ইএস/আরবি


