বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দেবে সরকার। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন সেটিও করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : চট্টগ্রামে খুনের মামলায় শেখ হাসিনা—নওফেল—বাবরসহ আসামি যারা
আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও দোয়া জানিয়ে তিনি বলেন, দেশের এ পরিবর্তন অনেক রক্তের বিনিময়ে এসেছে। যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রোগমুক্তি কামনা করছি। এছাড়া আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবে সরকার। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার সবসময় তাদের পাশে আছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে। আহতদের পাশে দাঁড়াতে এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সহায়তার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে কারো যদি দেশের বাইরে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় তার ব্যবস্থাও সরকার করবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মো. রাসেল আহমেদ ও সহসমন্বয়ক তানভীর আহমদ।
আরএস/আরবি


