আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলে সড়ক বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে আনোয়ার পারভেজ (৪৩) নামে এক যুবকের প্রাণ। এ ঘটনায় মো. বশর ও মো. আজিম নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
আরও পড়ুন : বঙ্গবন্ধু টানেলে ৫ দুর্ঘটনা, এবার গাড়ির চাকা ফেটে টিউবে ধাক্কা
নিহত আনোয়ার পারভেজ পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মো. ছৈয়দের ছেলে। তিনি কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি সাইকেল চালিয়ে ডিউটিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে তিন যুবক সাইকেল চালিয়ে চায়না রাস্তার মাথার দিকে যাচ্ছিলেন। হঠাৎ আনোয়ারা প্রান্ত থেকে আসা একটি বেপরোয়া ট্রাক এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে আনোয়ার পারভেজ প্রাণ হারান। আহত দুজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে।
কাঞ্চন/আরবি


