মুকুল কান্তি দাশ, চকরিয়া
ট্রেন দেখার বড় ইচ্ছে ছিল ছোট্ট তিন শিশুর। স্বপ্নের সেই ট্রেন দেখতে গিয়েই না ফেরার দেশে চলে গেল দুশিশু।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাসচাপায় ভাইবোন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের ডুলাহাজারা ইসলামীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়ি চলাচলের ব্যবস্থা করে।
নিহত দুশিশু হলো— ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের মেয়ে শিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬)। আহত শিশু নুসরাত জাহান (৫) আবদুল গফুরের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এসময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় সাবা রহমান ও আবদুর রহমান। আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান।
আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রীস্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত দুশিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত চট্টগ্রাম
