বহদ্দারহাটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরি মারল কাউন্সিলর টিনুর অনুসারীরা

বহদ্দারহাটে চাঁদা না পেয়ে দোকানিকে ছুরি মেরেছে কাউন্সিলর টিনুর গ্রুপ। কায়সার হামিদের নেতৃত্বে ছুরিকাঘাত করেন শাকিল। এতে গুরুতর আহত ভ্রাম্যমাণ দোকানদার রিয়াজ উদ্দিন বাবু (২৫)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বহদ্দারহাট এশিয়ান হাউসিং সোসাইটির পাশে বদি আলম গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহদ্দারহাট জামেয়া মসজিদের সামনে রাত ৮টার দিকে চাঁদাবাজি করতে যান টিনুর কয়েকজন সহযোগী। চাঁদা দিতে অসমর্থ জানালে বাবুকে মারধর করেন একদল তরুণ।

আরও পড়ুন : চট্টগ্রামে নারীর গায়ে ৪১ ছুরির দাগ, সম্পদের লোভে ছুরি মেরে ভুঁড়ি ফেলে দিল বোনজামাই

ওইসময় বাজার কমিটির লোকজন এসে উভয়পক্ষকে ছাড়িয়ে নেন। এর ঠিক ৪০ মিনিট পর এ ঘটনা মীমাংসা করতে সিনিয়র ভাইদের নিয়ে আসেন ওই তরুণেরা।

মীমাংসা করতে এসে আরেক দফায় শুরু হয় মারামারি। এ সময় কায়সার হামিদের নেতৃত্বে সুমন, শাকিল, আজাদসহ আরও চার-পাঁচজন মারামারিতে যোগ দেন। একপর্যায়ে বাবুর কোমরের নিচে ছুরি চালান শাকিল। এরপর ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যান।

এদিকে বাবুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অটোরিকশায় প্রচুর রক্ত দেখা যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

বাবুর বড় ভাই রিফাত বলেন, বাবু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিব। পাঁচলাইশ থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দরিদ্র পরিবারে সন্তান বাবু। তাঁর বাবা মনসুর আলী শারীরিকভাবে অক্ষম। তাঁর আরক ভাই রিফাত মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গু।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm