চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চালক নিহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী।
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ৮ মাসের শিশু মোহাম্মদ ইয়াহি এবং বাস চালক মোহাম্মদ আলী (২৫)।
শিশু ইয়াহি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকা বাসিন্দা মঞ্জুর আলমের সন্তান।
মোহাম্মদ আলী উখিয়া উপজেলার মরিচ্ছা ২ নম্বর ওয়ার্ড পাগলিরবীল এলাকার নুরুল ইসলামের ছেলে।
আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেলে মেদাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজারমুখী চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়েমুচড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। এ সময় আহত যাত্রীদের মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতাল ও চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
যোগাযোগ করা হলে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মেধাকচ্ছপিয়া এলাকার দুর্ঘটনায় ফাইতং এলাকার এক শিশু ও বাস চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
