স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে যুবকের সঙ্গে দুই তরুণী, ৬ হাজার ইয়াবাও!

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে মিলেছে ইয়াবা! এ ঘটনায় দুই তরুণী ও এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) সকালের দিকে উপজেলার রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটকরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেট কার তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পোটলা থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারের পাশাপাশি আটকদের কাছে থাকা চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন জব্দ করা হয়।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল আলোকিত চট্টগ্রামকে বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ কৌশল অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে। আটক তিনজনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm