স্থানীয় ও প্রবাসীদের সহায়তায় পানিবন্দী মানুষের পাশে ব্রাদার্স এলায়েন্স

বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁশখালীর স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স এলায়েন্স। স্থানীয়দের সহযোগিতা, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অনুদান এবং তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনটি পানিবন্দী অসহায় পরিবারের মাঝে বিতরণ করেছে ত্রাণ।

শনিবার (১১ জুলাই) বেলা ১২টায় রওনা হওয়া ত্রাণবাহী দল দুপুর ২টা থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। এ কর্মসূচিতে ২ নম্বর সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানীগ্রাম এলাকার স্বেচ্ছাসেবীরাও অংশ নেন।

ব্রাদার্স এলায়েন্সের এ মানবিক কর্মসূচিতে আর্থিক সহায়তা করেন স্থানীয় এলাকাবাসী ও প্রবাসী বাংলাদেশি। একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর নিরলস প্রচেষ্টায় দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

জানতে চাইলে সংগঠনটির পরিচালক ইসতিয়াক আহমেদ ইসতি আলোকিত চট্টগ্রামকে বলেন, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, প্রবাসী ভাইদের আন্তরিক অবদান এবং আমাদের তরুণ স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগ সফল হয়েছে। আমরা বিশ্বাস করি, মানবিকতার কোনো সীমানা নেই। যতদিন মানুষের প্রয়োজন থাকবে, ইনশাআল্লাহ ততদিন ব্রাদার্স এলায়েন্স মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm