আনোয়ারায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছেন জিন্নাত আরা ঝিনুক (২৫) নামে এক গৃহবধূ।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জিন্নাত আরা ঝিনুক ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। মোহাম্মদ রায়হান নামে তাদের সাত মাস বয়সের এক সন্তান রয়েছে।
ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন। এসব স্বর্ণ ফেরত আনার জন্য স্ত্রী তাকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।
তিনি আরও জানান, সকালে তিনি বাইরে গেলে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে স্ত্রীকে নিচে নামান।
এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহনন নয়। তাদের মেয়ে জিন্নাত আরা ঝিনুককে খুন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
অপরদিকে আত্মহননের সময় ধারণ করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে দেখা যায়, জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সাথে ফাঁসিতে ঝুলে পড়ে। আর তার স্বামী ওমর ফারুক দরজা খোলার জন্য চিৎকার করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওমর ফারুককে হেফাজতে নেওয়া হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


