সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। ৫ লাখ টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, শুনানি শেষে আদালত ৫ লাখ টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরের জিইসি মোড় এলাকা থেকে পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। পরদিন ১৫ মার্চ চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ—রিমান্ডে সীমা অক্সিজেন কারখানার পরিচালক
পরে রোববার (১৯ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য আজ (বুধবার) দিন ধার্য করেছিলেন।
প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় অবস্থিত সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত ও ৩০ জন আহত হন। এ ঘটনায় নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।
আরএস/আরবি


