সাজ্জাদ—তামান্নার পরিকল্পনায় চট্টগ্রামে ফিল্মি স্টাইলে জোড়া খুন

চট্টগ্রামে গভীর রাতে ফিল্মি স্টাইলে জোড়া খুনের পরিকল্পনা ছিল সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্নার। জোড়া খুনের ঘটনার তিনদিন পর করা মামলার এজাহারে এমনটিই বলা হয়েছে। মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্নাসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় নগরের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আরও আসামি করা হয়েছে মো. হাসান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানকে। এছাড়া অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

আরও পড়ুন : চট্টগ্রামে ফিল্মি স্টাইলে জোড়া খুন, নেপথ্যে অন্ধকার জগতের খেলা

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহত মানিক ছিলেন সরোয়ার হোসেন বাবলার গাড়ির চালক। আর আব্দুল্লাহ তার ব্যক্তিগত সহকারী। গত ২৯ মার্চ রাতে নতুন ব্রিজ এলাকায় আড্ডা শেষে প্রাইভেট কারে করে মানিক, সরোয়ার, আব্দুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে রাজাখালী ব্রিজের ওপর পৌঁছালে ছয়-সাতটি মোটরসাইকেল থেকে তাদের গাড়ির ওপর গুলি চালানো হয়।

এসময় জীবন বাঁচাতে মানিক বহদ্দারহাটের দিকে না গিয়ে বাকলিয়া এক্সেস রোড হয়ে চকবাজারের দিকে চলে যান। সোয়া ২টার দিকে চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কে পৌঁছালে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা আবারও এলোপাতাড়ি গুলি চালায়। এতে মানিক ও আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। গাড়িতে থাকা সরোয়ার ও ইমন কৌশলে পালিয়ে যান। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মানিক ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্নার পরিকল্পনায় সরোয়ার হোসেন বাবলা ও তার অনুসারীদের টার্গেট করেই হামলাটি চালানো হয়।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm